মালদা

তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে, কংগ্রেস-তৃনমুলের বাক যুদ্ধ

তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডীর সাহা পাড়া এলাকায়। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। ঘটনায় অভিযোগ দায়ের হবিবপুর থানায়।

        জানা যায়, শনিবার সকালে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডীর সাহা পাড়া এলাকায় ৬১ নং সংসদের তৃণমূলের পঞ্চায়েতপ্রার্থীদের সমর্থনে থাকা পোস্টার ও ব্যানার কে বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। আরও দেখা যায় ওই এলাকায় বেশ কয়েকটি পোস্টারে তৃণমূলের ঘাসফুল ও মমতা ব্যানার্জী ছবি কেটে দেওয়া হয়েছে। ঘটনাটি দেখার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

        এই ঘটনায় তৃণমূলের সৌগত সরকার দাবি করেন, এই এলাকায় কংগ্রেস সন্ত্রাসের সৃষ্টি করছে। তারা বিগত বছর গুলিতে মানুষের উন্নয়নকে থমকে দিয়েছে। বর্তমানে এই এলাকার মানুষ উন্নয়নে সামলি হয়ে ভোটে লড়াই করছে। ফলে কংগ্রেস ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কারন তাদের পায়ের তলায় মাটি নেই।

        যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী হেমন্ত শর্মা। তিনি বলেন, এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে।  সাধারণ মানুষ তা দেখছে, ওরা মিথ্যে অভিযোগ করছে, পুলিশ দিয়ে সন্ত্রাস চালাচ্ছে, আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাসান হচ্ছে। এই নির্বাচন তা প্রমান করে দেবে মানুষ কংগ্রেসের পাশে আছে।